বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারই প্রথম ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে। তারপর আর কোনও সরকার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আবারও ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন।’
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন প্রমুখ।
সমাবেশে জেলার সাত উপজেলার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রায় পাঁচ হাজার শিক্ষক অংশ নেন।








