বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় শ্যাম প্রসাদ ঢালী নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মার্চ) ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (২৩ মার্চ) ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার শ্যাম প্রসাদ ঢালী আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাসায় প্রাইভেট পড়াতেন শ্যাম প্রসাদ। গত ৮ মার্চ প্রাইভেট পড়া শেষে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে দিয়ে ওই মেয়েটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা চালায় শ্যাম প্রসাদ। এরপর মেয়েটি সেখান থেকে পালিয়ে এসে তার পরিবারকে সব ঘটনা জানায়। পরে মেয়েটির অভিভাবক থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী জানান, ঘটনার পর তিনি ওই শিক্ষকের স্কুলের ম্যানেজিং কমিটির একাধিক সদস্যকে বিষয়টি জানান এবং বিচার দাবি করেন। কিন্তু তাদের কাছে কোনও বিচার না পেয়ে থানায় মামলাদায়ের করেন।








