খুলনা ও গাজীপুরের মতো বরিশালেও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে হবে। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বরিশালেও নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। আগামী ৩০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরিশালে নৌকা উপহার দিতে হবে। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়ন ও নৌকায় ভোট দেওয়ার কথা বলতে হবে। ঘরে বসে আওয়ামী লীগ করার দিন এখন আর নেই। তাই আজ থেকে নেমে পড়ুন। আর নৌকার বিজয় নিশ্চিত করুন।’
আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২ জুলাই) বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে আলোচনা সভায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ।
তিনি বলেন, ‘বিএনপি কোনও উন্নয়ন করতে পারেনি। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। তাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীকে জয়ী করা হলে বরিশালের উন্নয়ন ত্বরান্বিত হবে।’
তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক পরিবারের সন্তান। ‘৭১ এর মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় ও পর থেকে আমরা রাজনীতি করে আসছি। বিএনপি মানুষ হত্যা করে রাজনীতিতে এসেছে। তাই বিএনপি মানুষকে শান্তি দিতে পারেনি। ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে তারা বরিশালের কোনও উন্নয়ন করতে পারেনি। তারা অনেক মানুষকে হত্যা ও পঙ্গু করে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে।’
তাই তিনি প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আসন্ন বিসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস এমপি, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহান আরা আব্দুল্লাহসহ অনেকে।







