সেমিস্টার ফি কমানোসহ ২২ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন একই সময়ে আন্দোলন চলবে বলেও হুমকি দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ২২ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বুধবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর সকাল ১০টার দিকে প্রক্টর ড. সুব্রত কুমার দাস আন্দোলনস্থলে পৌঁছে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। তবে শিক্ষাথীরা প্রক্টরের কথা না শুনে বলেন, ‘গত বছরেই সেমিস্টার ফি কমানোর কথা ছিল, উল্টো এ বছর আরও বাড়ানো হয়েছে। সেমিস্টার ফি কমানোসহ আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাবো না।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ‘বিষয়টি উপাচার্যের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।’







