বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হলফনামায় নিজেকে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। শুধু মেয়র পদে নয়, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদেও স্বশিক্ষিত প্রার্থী রয়েছে হলফনামা থেকে বলে জানা গেছে। এছাড়াও এসএসসি’র গণ্ডি পার না হওয়া প্রার্থী রয়েছে অনেক। এমনকি অষ্টম ও চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়া বা অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীর সংখ্যা নেহাত কম নয়।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩০ জুলাই বিসিসি নির্বাচনে অংশগ্রহণের জন্য ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৪ ও নারীদের জন্য সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৮ জনসহ মোট ১৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা সূত্রে জানা গেছে, ১১৪ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২ জন বিএসসি, একজন ডিপ্লোমা, একজন বিএ-এলএলবি ও একজন এমএ-এলএলবি পাস। এছাড়া ২৭ জন এইচএসসি, ২৫ জন এসএসসি ও একজন দাখিল পাস। বাকি ৫৬ জন প্রার্থীর মধ্যে ১০ জন স্বশিক্ষিত, দু’জন অক্ষরজ্ঞান সম্পন্ন, ৪৪ জন চতুর্থ শ্রেণি, পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জনের মধ্যে ২৬ জনের পড়ালেখা মাধ্যমিক পর্যন্ত। বাকি ১২ জনের মধ্যে সর্বোচ্চ দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের হলফনামা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৫নং ওয়ার্ডের মো. মন্টু, ৭নং ওয়ার্ডের সৈয়দ আকবর, ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিৎ দত্ত লিটু, ১৫নং ওয়ার্ডের লিয়াকত হোসেন খান লাভলু, ২২নং ওয়ার্ডের তানভীর হোসেন রানা, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ও ২৭নং ওয়ার্ডের আলতাফ হোসেন সিকদার হাবুল ও একই ওয়ার্ডের নুরুল ইসলাম তাদের হলফ নামায় শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন।
এছাড়াও ২নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী জোছনা বেগম ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোহরা স্বশিক্ষিত বলে হলফ নামা থেকে জানা গেছে। তবে ২নং ওয়ার্ডের কানন বেগম তার হলফনামায় অক্ষর জ্ঞান সম্পন্ন হলফনামায় জানিয়েছেন।







