বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত মাঠে থেকে ফলাফল নিশ্চিত করে ঘরে ফিরবো। যদি ফল পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তবে বরিশাল থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।’ সোমবার (২৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের ওয়াপদা কলোনি, ত্রিশ গোডাউন, বান্দ রোড, সাগরদী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
২০ দলীয় জোটের নির্বাচন-পরিচালনা কমিটির সদস্য-সচিব এবায়েদুল হক চান বলেন, ‘আমরা ১৯৭০ এর মতো একটি নির্বাচন চাই। নির্বাচন সুষ্ঠু হলে, ফলাফল যাই হোক আমরা মেনে নেবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান প্রতিপক্ষ প্রশাসন। আওয়ামী লীগও একটি দল, আমরাও একটি দল। আওয়ামী লীগ কিছু করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারি। কিন্ত প্রশাসন যদি পক্ষপাতিত্ব করে আমাদের পোলিং এজেন্ট, পোলিং অফিসারদের হয়রানি করে তবে আমাদের কী করার আছে।’
বরিশাল সিটির ৩০ ওয়ার্ডের ১২৩টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের প্রতিটিতে তিনটি থেকে পাঁচটি বুথের জন্য পোলিং এজেন্ট নিশ্চিত করা হবে। কোথাও তাৎক্ষণিক ঘাটতি হলে অপেক্ষমান তালিকা থেকে পোলিং এজেন্ট নিশ্চিত করা হবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা ও গাজীপুরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বরিশালে বিএনপি নেতারা ভিন্ন কৌশলে পোলিং এজেন্ট সাজানোর পরিকল্পনা করছে। খুব গোপনীয়তার মধ্যে বাছাইকৃত কর্মীদের পোলিং এজেন্ট হিসেবে নির্বাচিত করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পোলিং এজেন্টদের নির্বাচনের আগের রাতে বাসায় না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা বলেছেন, ‘যাই ঘটুক, শেষ পর্যন্ত পোলিং এজেন্টরা মাঠে থাকবে। তবে কীভাবে থাকবে সেটা আমরা এখন বলবো না।’
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্যে যে প্রশাসনিক আইনকানুন বা নিয়ম রয়েছে তা লঙ্ঘনের বিরুদ্ধে কোনও তৎপরতা এখনও দেখছি না। সরকারি দল যেভাবে বাহির থেকে লোক আনছে তাতে নির্বাচন বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না। ক্ষমতাসীনরা নির্বাচনি আচরণবিধি না মানার প্রবনতা দেখাচ্ছে।’
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের ওপর হামলার বিষয়টি উল্লেখ করে সরওয়ার বলেন, ‘সরকারি দল আদালত কম্পাউন্ডের মধ্যে গিয়ে তার ওপর হামলা করেছে বলে শুনেছি। বরিশালেও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। দেশের জন্য এসব ভালো লক্ষণ নয়।’
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ দলীয় নেতাকর্মীরা।







