পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি থেকে দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য কে এম হুমায়ুন কবীর।
বিএনপি থেকে যে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির ১নং সদস্য কর্নেল (অব.) শাহজাহান মিলন এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল।
মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার বলেন, ‘রুহুল আমীন দুলাল দলের একজন পরিক্ষিত নেতা। তিনি মনোনয়নের যে চিঠি পেয়েছেন তাতে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন,‘মামলায় মঠবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীরা সর্বশান্ত। সোমবার মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল ও আমিসহ ২৩ জন বিএনপির নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছি।’
ইসমাইল হোসেন হাওলাদারের দাবি, এ মামলাগুলো গায়েবি।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল বলেন,‘দলের নেতাকর্মীদের পাশে আছি, থাকবো।’
মনোনয়নের চিঠি পাওয়া কর্নেল (অব.) শাহজাহান মিলন বলেন, ‘চূড়ান্ত মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
পিরোজপুরের সবচেয়ে বড় উপজেলা মঠবাড়িয়া। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা। যেটির সংসদীয় আসন হলো পিরোজপুর-৩। এ আসনে ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫৮৬ জন।







