বরগুনার পাথরঘাটায় প্রচণ্ড দমকা হাওয়ায় ঘরের নিচে চাপা পড়ে দাদি ও নাতি মারা গেছেন। শনিবার (৪ মে) ভোররাতে দক্ষিণ চরদুয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দাদি নুরজাহান বেগম (৬০) ও নাতি জাহিদুল ইসলাম (৮)। এছাড়া গাছচাপায় ইউনুস (৩৫) ও আবদুর রহমান (৪০) নামের দুইজন আহত হন। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম কবীর জানান, শুক্রবার (৩ মে) মধ্য রাতের পর পাথরঘাটায় প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। রাত তিনটার দিকে চরদুয়ানী গ্রামে ঝড়ে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। এতে নূরজাহান বেগম ও জাহিদুল ইসলাম মারা যান।
পাথরঘাটা উপজেলায় দুর্যোগকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্তদেরকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। জোয়ারের পানি বিষখালী ও বলেশ্বর নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া দমকা হাওয়ায় পাথরঘাটা উপকূলীয় এলাকায় শতাধিক আধাপাকা ঘর ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।’








