বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে খাদিজা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে নিজ কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
খাদিজা ভূতেরদিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শুক্রবার (১৪ জুন) তার বিয়ের দিন ধার্য ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, একই গ্রামের মো. মিলনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল খাদিজার। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে খাদিজাকে অন্যত্র বিয়ের জন্য পাত্র দেখতে থাকেন। শুক্রবার পরিবারের পছন্দের ছেলের সঙ্গে খাদিজার বিয়ের দিন ধার্য হয়। কিন্তু এই বিয়েতে সম্মতি ছিল না খাদিজার। তিনি বিয়ে করলে মিলনকেই করবেন বলে জানান। এরপরও পরিবারের সদস্যরা খাদিজাকে অন্যত্র বিয়ে দিতে সব আয়োজন সম্পন্ন করেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে মা অন্য বাড়িতে গেলে খাদিজা নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহতের মা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা বাবুগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








