বরিশাল সিটি করপোরেশনের বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়াপাড় এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অবৈধ পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় নগরীর গড়িয়ারপাড়ে কাউন্সিলর কালামের নির্মাণাধীন পাঁচটি দোকানের আরসিসি কাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘সিটি করপোরেশনের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার একই স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধার সম্মুখীন হন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মচারীদের মারধরও করেন কাউন্সিলর কালাম। এই ঘটনায় সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক মীর মাসুদ রানা বাদী হয়ে কালাম মোল্লাকে অভিযুক্ত করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।’
মামলা দায়েরের পর থেকে গ্রেফতার এড়াতে কাউন্সিলর কালাম মোল্লা পলাতক রয়েছেন।
লাঞ্ছিত হওয়া সড়ক পরিদর্শক রেজাউল কবির জানান, করপোশেনের কোনও ধরনের অনুমতি ও প্ল্যান ছাড়াই গড়িয়ারপাড় এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে অন্যের জমি দখল করে বেশ কয়েকটি স্টল তৈরির কাজ শুরু করা হয়। এ ধরনের অভিযোগ পেয়ে সেখানে গিয়ে কাজ বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়। এ সময় কাউন্সিলর কালাম মোল্লা আমাকে ও আমার সঙ্গে থাকা অপর সড়ক পরিদর্শক মাসুদ রানাকে তার কার্যালয়ে ডেকে নিয়ে কেন এবং কার নির্দেশে কাজ বন্ধ করছি, তা জিজ্ঞাসা করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে আমাদের দু’জনকে মারধরের চেষ্টা চালানো হয়।
উচ্ছেদ অভিযানে করপোরেশনের সড়ক পরিদর্শক, কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশও মোতায়েন করা হয়।








