ছেলেধরা কিংবা গলাকাটা গুজবে সন্দেহজনকভাবে কাউকে গণপিটুনি দেওয়া হলে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম। বুধবার (২৪ জুলাই) জেলা পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
পুলিশ সুপার বলেন, কেউ যেন ছেলেধরা কিংবা গলাকাটা গুজবে কান না দেন। এ ব্যাপারে ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বিতরণ করা হয়েছে লিফলেট। এছাড়া জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণকে জনসচেতনতা সৃষ্টির জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
তারপরও যদি কাউকে সন্দেহ হয় তাহলে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা পুলিশে সোপর্দ করার আহ্বান জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।







