গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘বাঙালির নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি আমাদের ধারণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে না পারলে বিদেশি খেলাধুলা আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে।’
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী লাঠি খেলা, কাবাডি ও ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক দূরত্ব যেন আমাদের ভেতরে কাঁদা ছোড়াছুড়ি সৃষ্টি করতে না পারে। রাজনীতিতে প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু কেউ যেন কারও শত্রুতে পরিণত না হয়।’
মাটিভাংগা উদয়ন ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার, ক্লাব সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মিঠুনসহ অনেকে।








