ভোলার জলদস্যু সরদার সফিকুল ইসলাম সফি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সোমবার (৮ জুন) দিবাগত রাতে ভোলার ভেদুরিয়া ঘাটের বালুর মাঠে এ ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য রাতে জলদস্যু নেতা সফিকে নিয়ে ভেদুরিয়া গেলে তাকে ছিনিয়ে নিতে তার বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে গোলাগুলি শুরু হয়। এতে জলদস্যু সফি নিহত হয়। এ সময় পুলিশের কয়েকজন সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত সফি ভোলা সদর উপজেলার দুই নম্বর ইলিশার কালুপুরের ১ নম্বর ওয়ার্ডের মুনাফ বেপারীর ছেলে।
উল্লেখ্য, সফি বাহিনীর তাণ্ডবে মেঘনার জেলেরা অতিষ্ঠ হয়ে উঠে। কয়েক মাস আগে ফোনের জন্য সফি গুলি করে এক জেলেকে হত্যা করে। পরে সে আদালতে এ ব্যাপারে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এদিকে, জলদস্যু নেতা সফির নিহতের খবরে ইলিশা রাজাপুরের জেলেপল্লির বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।







