করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দুটি আধুনিক অক্সিজেন কনসেনট্রাটর মেশিন প্রদান করেছেন শামিমা হাসনাত শিল্পী। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আ. মতিনের কাছে এই মেশিন হস্তান্তর করা হয়।
নাভানা কোম্পানির এই মেশিন দুটি শামিমা হাসনাত শিল্পীর পক্ষ থেকে কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেন সাবেক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. সুলতান আহমেদ মৃধা। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি ও ডা. আতিকুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনাররা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগেও শামিমা হাসনাত শিল্পী করোনা রোগীর চিকিৎসায় নাভানা কোম্পানির তিনটি ভেন্টিলেশন মেশিন, চারটি অক্সিজেন কনসেনট্রাটর মেশিন, পিপিই, হ্যান্ড গ্লাভস, হেড ক্যাপ ও ডিজিটাল থার্মমিটারসহ বিভিন্ন সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছে দেন।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘সরকারের পাশাপাশি সংকট মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করায় সুলতান আহমেদ মৃধা ও তার মেয়ে শামিমা হাসনাতকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি সমাজের বিত্তবানদের করোনা রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।’
শামিমা হাসনাত শিল্পী সাবেক মহিলা সাংসদ মিসেস লুৎফুন নেছা ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান আহমেদ মৃধার মেয়ে।








