পটুয়াখালীর দুমকিতে ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৩৫) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছে। এঘটনায় নিহতের স্বামী ও সন্তান গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) রাতে উপজেলার লেবুখালী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা পটুয়াখালীর আউলিয়ার সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। সে কলাপাড়া উপজেলার নিশানবাড়ীয়া এলাকার শামিমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা দীর্ঘদিন যাবত ডায়রিয়া রোগে ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল সেবাচিমে চিকিৎসা শেষে তার স্বামীর মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। এসময় ফেরিতে উঠতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।








