হিজলা উপজেলার হরিনাথপুর বাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতদল কোটি টাকার স্বর্ণ এবং নগদ ১৫ লাখ টাকা নিয়ে গেছে। পুলিশ ফাঁড়ি এবং কোস্টগার্ডের ক্যাম্প থেকে দেড়শ’ গজ দূরে সোমবার মধ্যরাতে সংঘটিত এই ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরীদের আটক করা হয়েছে।
হিজলা থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ডাকাতি নয়, সংঘবদ্ধ চোরচক্র কৌশলে একে একে ৫ নৈশ প্রহরীকে আটক করে তালা ভেঙে মালামাল নিয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী মনিমোহন ভক্ত বলেন,তার ভাই ধলা ভক্ত,প্রশান্ত কুমার এবং রনজিৎ সাহার দোকানের তালা ভেঙে ডাকতরা ভেতরে ঢুকে। প্রশান্ত কুমারের দোকানের সিন্দুকে ব্যবসায়ীরা স্বর্ণ রাখতেন। এখানে কোটি টাকার ওপরে স্বর্ণ ছিল। ১৫ মণ ওজনের এই সিন্দুক ডাকাতরা ট্রলারযোগে নিয়ে যায়। এসময় তিনটি দোকান থেকে নগদ ১৫ লাখ টাকাও লুটে নিয়ে যায় ডাকাতরা।
হরিনাথপুর পুলিশ ফাঁড়ি এবং কোস্টগার্ডের ক্যাম্প থেকে দেড়’শ গজ দূরত্বে এই ডাকাতির ঘটনা ঘটায় স্থানীয়রা ক্ষুব্ধ বলে জানান ওই ব্যবসায়ী।
ওসি জানান, পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের ৫ জন নৈশ প্রহরীকে আটক করেছে।
জেবি/এমএসএম
আপ-এইচকে








