বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় তিন ও উপসর্গ তিন জন মারা গেছেন। একই সময়ে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। তাদের মধ্যে ছয় জন করোনা আক্রান্ত। একই সময়ে ১৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে। তাদের আট জন করোনা আক্রান্ত। ৩০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।
এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত বৃহস্পতিবার রাতের রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০.৭৪ শতাংশ।
২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে ছয় হাজার ৯১৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ১৬৬ জন করোনা আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৪৭৪ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৭৪৬ জন। মোটা এক হাজার ৩০৭ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৩৭৬ জন।









