আগামী সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে না হয়, এরই অংশ হিসেবে এ সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বুধবার (১০ নভেম্বর) সকালে ঝালকাঠিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী মন্দিরে হামলা ভাঙচুর ও লুটপাট করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করেছে। দ্রুত তাদের বিচারের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি’ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, উপসচিব ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল শাহী, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।









