বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুস ছত্তার মোল্লার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। হত্যা মামলায় সাজার তথ্য গোপন করায় দুই দিনব্যাপী শুনানি শেষে বুধবার (১০ নভেম্বর) রাত ৯টায় তার প্রার্থিতা বাতিলের রায় ঘোষণা করা হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বলেন, ‘ছত্তার মোল্লার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন একই ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন।’
আবেদনে উল্লেখ করেন, ছত্তার মোল্লা বানারীপাড়া এলাকার জুলেখা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় তিনি দুই বছরেরও অধিক সময় কারাগারে ছিলেন। উচ্চ আদালতে আপিলের পরিপ্রেক্ষিতে বর্তমানে জামিনে আছেন। উচ্চ আদালত তাকে ওই মামলায় জামিন দিলেও সাজার রায় বাতিল কিংবা স্থগিতের বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় ছত্তার মোল্লা আইনিভাবে নির্বাচনে অংশ নিতে পারেন না বলে আবেদনে প্রতিকার দাবি করেন।
এই আবেদনের ওপর গত মঙ্গলবার ও বুধবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী শুনানি শেষে সাজার তথ্য গোপন করায় বুধবার রাত ৯টায় ছত্তার মোল্লার প্রার্থিতা বাতিলের রায় দেওয়া হয়।
শুনানিতে উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন কর্মকর্তা, উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা, উজিরপুর থানার ওসি, আবদুস ছত্তারের আইনজীবী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, প্রার্থী আবদুস ছত্তার মোল্লা, বিদ্রোহী প্রার্থী ও আবেদনকারী নাসির উদ্দিন, তার আইনজীবী মজিবর রহমান নান্টু, নাজিম উদ্দিন পান্না ও আজাদ রহমান।
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।









