বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রনি মোল্লা (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন তার আরও দুই ভাই। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নে সোনাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
রনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি সোনাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। আহত শহিদুল ইসলাম সোহেল ও তরিকুল ইসলাম তৌকিরের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্টে বরিশাল থেকে নিজ বাড়ি ভাতশালা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন মামুন। সোনাপুরা গ্রামের চৌরাস্তায় গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে মামুনের বাম হাতের রগ কেটে দেওয়া হয়। এরপর দুই চোখ তুলে ফেলার চেষ্টা চালায় হামলাকারীরা। ওই হামলার ঘটনায় করা মামলার আসামি রনির দুই ভাই। এলাকাবাসীর ধারণা, ওই ঘটনার জের ধরে মামুন লোকজন নিয়ে রনিদের বাড়িতে হামলা চালায়।
নিহতের স্বজনদের অভিযোগ, গভীর রাতে ১৫-২০ জনের দল নিয়ে মামুন তাদের বাড়িতে প্রবেশ করে। এরপর রনি, সোহেল ও তৌকিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। রনির শরীরে এমন কোনও জায়গা নেই যেখানে আঘাত করা হয়নি। তাছাড়া আহত দুই ভাইয়ের মধ্যে একজনের পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেক ভাই হাতে আঘাত পেয়েছেন। রাতেই তাদেরকে শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, অভিযুক্ত মামুনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানা ও বাকেরগঞ্জ থানায় গুম, হত্যা, নারী নির্যাতন এবং অস্ত্র ও চাঁদাবাজিসহ ২১টি মামলা রয়েছে।









