ডিজিটাল বাংলাদেশের বিরোধিতাকারীরাও আজ সজীব ওয়াজেদ জয়ের উদ্ভাবনী প্রক্রিয়াকে গ্রহণ করে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্বপ্ন দেখেছিলেন সারা দুনিয়ার সঙ্গে বাংলাদেশকেও এগিয়ে নেবেন। এ লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সজীব ওয়াজেদ জয়ের উদ্ভাবনী প্রক্রিয়া আজ সবাই গ্রহণ করছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে যখন তিনি কাজ করছিলেন তখন অনেকেই বিদ্রুপ করতেন। একটি দল সরাসরি ডিজিটাল ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতো। সেই দলের দণ্ডপ্রাপ্ত আসামিরা বিদেশে বসে এখন ডিজিটাল কানেকশনে এ দেশে রাজনীতি করছে। এ সুযোগটা যে তারা পেলো এর কোনও কৃতজ্ঞতা তারা দেখালো না।
শুক্রবার (১৮ নভেম্বর) পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন বিশ্বের বিস্ময়। আমরা আশা করি ডিজিটাল বাংলাদেশ বিশ্বকে দেখাবে প্রাকৃতিক দুর্যোগের সিম্বলিক রাষ্ট্র আজ কোথায় পৌঁছেছে।
প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, অতিসম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন আমাদের পরবর্তী পদক্ষেপ ‘ক্যাশলেস স্ট্যাট’। এর মানে হলো কাউকে আর ক্যাশ টাকা বহন করতে হবে না। ক্যশলেস পদ্ধতি চালু হলে ব্যাংক, অর্থকরী প্রতিষ্ঠানে গিয়ে ঝক্কি ঝামেলা পোহাতে হবে না।









