ভোলার ভেদুরিয়া ঘাট এলাকায় এমভি কর্নফুলি-১১ লঞ্চের ধাক্কায় এমএল সোহাগী নামের অপর একটি লঞ্চ ডুবে গেছে। শনিবার ভোরে ঘন কুয়াশায় সংঘটিত এ দুর্ঘটনায় সোহাগী লঞ্চের চার কর্মচারী আহত হয়েছেন। বিআইডব্লিউটিএ’র ভোলা ঘাট ইনচার্জ মো. নাসিম দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
সোহাগী লঞ্চের মাস্টার মো. কামরুজ্জামান জানান, শনিবার ভোরে তিনিসহ লঞ্চের স্টাফরা ঘুমিয়ে থাকাকালে ঢাকা থেকে ভোলায় আসা এমভি কর্নফুলি-১১ লঞ্চ এমএল সোহাগীকে সজোরে ধাক্কা দেয়। সোহাগী কাত হয়ে ডুবে যাওয়ার সময় তিনিসহ লঞ্চের ক্যান্টিন মালিক মো. জামাল, কর্মচারী আবদুর রহমান ও হানিফ আহত হন।
এমভি কর্নফুলি-১১ লঞ্চের পরিচালক মো. জসিম উদ্দিন জানান, সোহাগী লঞ্চটি ভেদুরিয়া ঘাট এলাকায় ভোলা খালের মোহনায় আড়াআড়ি ভাবে নোঙর করা ছিল। ঘন কুয়াশায় লঞ্চটিকে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ’র ভোলার ঘাট ইনচার্জ জানান, ডুবে যাওয়া সোহাগী লঞ্চটি ওঠানোর সব খরচ বহন করবে কর্ণফুলি লঞ্চ কর্তৃপক্ষ। এ বিষয়ে উভয়পক্ষের উপস্থিতিতে আলাপ হয়েছে। কোনও পক্ষ থেকে মামলা হয়নি।
/জেবি/এইচকে/







