শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগের জন্ম মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগ মানুষকে গণতন্ত্র দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন দিয়েছে। সেই আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি। আর আওয়ামী লীগকে কেউ নির্বাচন দিয়ে পরাজিতও করতে পারেনি। পরাজিত করেছে ক্যু করে, ষড়যন্ত্র করে, না হয় হত্যা করে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আজকে সেই ক্যু করার সুযোগ সংবিধানে নেই। ১৭ কোটি মানুষের ৩৪ কোটি চোখ, ১২ কোটি মানুষের হাতে ক্যামেরা মোবাইল। এত চোখের সামনে ক্যু কিংবা কারচুপি করার সুযোগ নেই। এখন তাদের নির্বাচনে আসতে গড়িমসি।
কলেজ অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় এমপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিশেষ অতিথির এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান সম্মানিত অতিথির বক্তব্য রাখেন। স্থানীয় এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকবের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের আগে কলেজটিকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষামন্ত্রী চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।








