বরিশালের গৌরনদী উপজেলার কাশেমাবাদ মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো–গৌরনদীর কাশেমাবাদ এলাকার আলাউদ্দিন বয়াতির ছেলে সিয়াম আহম্মেদ, দক্ষিণ বিজয়পুরের নাছির শরিফের ছেলে রেজাউল শরীফ ও কলাবাড়িয়ার মৃত টমাস রায়ের ছেলে পার্থ রায়।
সোমবার (৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ আগস্ট রাতে মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৯টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা করেন। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।









