বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক শিশুকে হত্যায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকালে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো—নবগ্রাম রোড এলাকার মতিয়ার রহমান খানের ছেলে শাহারিয়া খান ওরফে শাকিল (২৭), একই এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে ইমাম হোসেন হাওলাদার (২৪) ও মৃত আজিজ খানের ছেলে বাছেত খান ওরফে বাঘা (৪৮)। এর মধ্যে শাকিল ও ইমাম হোসেন আদালতে উপস্থিত ছিল। বাছেত খান পলাতক রয়েছে। সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটি (৯) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল।
মামলার নথির বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফয়েজুল হক ফয়েজ বলেন, ‘২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় শিশুটি তার বাবাকে খুঁজতে বের হয়। শাকিল শিশুটিকে কৌশলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে শাকিল, ইমাম হোসেন ও বাছেত শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে শ্বাসরোধে হত্যা করে নগরীর খান সড়কের পাশের ডোবায় ফেলে দেয়। পরদিন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর শিশুটির বাবা অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করতে গিয়ে তিন জনের সংশ্লিষ্টতা পান মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই মশিউর রহমান। পরে তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন বিচারক। সেইসঙ্গে পলাতক বাছেত খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।’








