কোটা আন্দোলনে জামায়াত-শিবির ও রাজাকারের সন্তানরা প্রবেশ করেছে বলে দাবি করে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধারাও।
সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নগরীর বগুরো রোডের মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সদর রোডে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা বক্তৃতা করেন।
সমাবেশে বীর প্রতীক কে এস মহিউদ্দিন মানিক বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জামায়াত-শিবিরের রাজাকারের সন্তানরা প্রবেশ করে জনসাধারণকে জিম্মি করে কোটা আন্দোলন করছে। এতে করে সাধারণ মানুষ মারাত্মক সমস্যার মধ্যে দিন অতিবাহিত করছে। তাছাড়া কোটা বাতিলের যে দাবি করা হচ্ছে তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। কোনোভাবেই কোটা বাতিল করা যাবে না।’
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শেখ সাইয়েদ আহমেদ মান্না বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের একটি দাবি ছিল, সরকার নিয়োগে কোটা দেওয়ার জন্য। তার পক্ষে হাইকোর্ট রায় প্রকাশ করেছে। ওই রায়ের বিরুদ্ধে ১৯৭১ সালে যারা দেশ স্বাধীনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তারাই আজ সাধারণ মানুষকে জিম্মি করে কোটাবিরোধী আন্দোলনে নেমেছে। এতেও ক্ষান্ত হয়নি তারা, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মানহানিকর কথাবার্তা বলছে। এমনকি প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এর বিরুদ্ধে অবস্থা নিয়ে সড়কে নেমেছি।’
‘অন্য বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের দাবি উচ্চ আদালত থেকে যে রায় প্রকাশ করা হয়েছে তা সবাইকে মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় যারা বিসিএস ক্যাডার থেকে শুরু কর উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন তারা সবাই মেধাবী। মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী হতে পারে না?’- প্রশ্ন রাখেন তারা।
তারপরও তারাও কোট সংস্কারের পক্ষে। তবে এ জন্য সাধারণ মানুষকে জিম্মি করা এবং সরকার প্রধানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। এভাবে চলতে থাকলে তারাও রাজপথে ছাড়বেন না বলে ঘোষণা দেন।









