পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার কুরিয়ানা বাজারে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের হামলায় বিএনপি প্রার্থীর ৬ কর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও তার কর্মীদের বহনকারী ৪টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
স্বরূপকাঠীর ৪নং আটঘর কুরিয়ানা ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন নান্টু বলেন, আমি আমার কয়েকজন কর্মীকে নিয়ে মোটর সাইকেলে করে সকালে ইউনিয়নের আটঘর এলাকায় গণসংযোগে যাই। গণসংযোগ শেষে কুরিয়ানা ফেরার পথে জিন্দাকাঠী বাজারের কাছে আমাদের দলের পেছন দিকে থাকা ৩ টি মোটরসাইকেলের ৬ আরোহীর ওপর আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায় এবং মোটর সাইকেল ৩টি ভাঙচুর করে।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন নান্টু বলেন, মাহামুদ কাঠী হাসপাতাল বাজারের কাছে আমার মটর সাইকেলটি রেখে আমরা ভেতরের দিকে গেলে আওয়ামী লীগ কর্মীরা সে মটর সাইকেলটিও ভাঙচুর করে।
তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীদের হামলায় আমার ৬ জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে রাসেল ও সুমন গুরুতর আহত। আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান নান্টু।
তবে আওয়ামীলীগ প্রার্থী শেখর কুমার সিকদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি প্রার্থী জাকির হোসেন নান্টু ২০/২৫টি মোটর সাইকেল নিয়ে সকালে কুরিয়ানা বাজারের কাছে মুসলিম পাড়ায় আমার নির্বাচনি কার্যালয়ে ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে এবং আসবাবপত্রের ক্ষতিসাধন করে। এ সময় তারা সোহেল নামে আমার এক কর্মীকেও আহত করে।
স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়।
/টিএন/







