পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেয়ালধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় রাখাইন মার্কেট মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি মো. কামাল (৪০) এবং একই এলাকার শ্রমিক আবু বকর মৃধা (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাখাইন মার্কেটসংলগ্ন কানসাই ইন হোটেলের পাশে একটি দোকানের সংস্কার করছিলেন তারা। কাঠের অবকাঠামো নির্মাণের সময় হঠাৎ ওই দোকানের দেয়ালধসে দুজন চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।









