ভোলার চরফ্যাশন থেকে গুলিবিদ্ধ অবস্থায় একটি মায়া হরিণের শাবক উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলার চরমানিকা ইউনিয়নের চর লক্ষী এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
চরফ্যাশন রেঞ্জের চরমানিকা বিট কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, আনুমানিক তিন বছর বয়সি ৩ ফুট উঁচু হরিণটিকে চোরাই শিকারীরা গুলি করে। হরিণটি গুলিবিদ্ধ হয়ে নদী সাঁতরিয়ে চরমানিকা ইউনিয়নের চর লক্ষী এলাকার লোকালয়ে চলে আসলে জেলেরা হরিণটিকে আটক করে।
খলিলুর রহমান আরও জানান, হরিণ আটকের সংবাদ পেয়ে তার দুই সহকর্মী নাছির উদ্দিন ও রহমানসহ চর লক্ষী এলাকা থেকে হরিণ শাবকটিকে উদ্ধার করে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশমতে হরিণটির প্রাথমিক চিকিৎসা শেষে চর ইসলামের বাগানে অবমুক্ত করা হয়। মিঠা পানির সন্ধানে হরিণ শাবকটি লোকালয়ে চলে আসতে পারে।
বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন জানান, চরফ্যাশন বন বিভাগের বনগুলোতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার হরিণ রয়েছে। প্রায়ই এ সকল হরিণ চোরা শিকারীর হাতে প্রাণ হারায়।
/এআর/








