পিরোজপুর সদর উপজেলার ৫ নং টোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারাবাসে থেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আনোয়ার হোসেন হাওলাদার। গাছ চুরি মামলায় রবিবার তাকে কারাগারে পাঠান আদালত।
পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, আনোয়ার হোসেন হাওলাদার ও তার ভাই পিরোজপুর পৌরসভার কাউন্সিল সরোয়ার হোসেনসহ কয়েকজন মিলে পিরোজপুরের হুলারহাট- শ্রীরামকাঠী সড়কধারে থাকা গাছ চুরি করেন। এ ঘটনায় আনোয়ার হোসেন ও তার ভাই সরোয়ার হোসেনসহ ১০জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় ১১ মার্চ একটি জিআর মামলা (মামলা নং-৬৩-২০১৫) দায়ের করেন পিরোজপুর সড়ক বিভাগের কার্যসহকারী মাহাতাব উদ্দিন।
পিরোজপুর জেলা জজ আদালতের এপিপি কাজী জাকির হোসেন বলেন, রবিবার(২০মার্চ) আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আনোয়ার হোসেন হাওলাদার পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালতের বিচারক মো. কামরুল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, আনোয়ার হোসেন হাওলাদার ৫ নং টোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাহিরে টোনা ইউপি নির্বাচনে চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আনোয়ার হোসেন হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন- গাছ চুরির মামলায় চেয়ারম্যান প্রার্থী কারাগারে
/এইচকে/








