নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম. সাখাওয়াত হোসেন বলছেন, ‘এ সরকারের আমলে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগে সর্বাধিক উন্নয়ন হয়েছে। ঘাটে যাতে কোনও অনিয়ম না হয় এবং ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে।’
শনিবার (৩১ মে) দুপুরে ভোলার ইলিশা ঘাট পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এটা ছিল তার পূর্বনির্ধারিত সফর। নিম্নচাপ ও ঝড়বৃষ্টিতে ভোলার দক্ষিণের চর কচ্ছপিয়া, চর কুকরি মুকরি, ঢালচরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে। যদি সুযোগ হয় তবে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
নিম্নচাপের প্রভাবে ও টানা ৩ দিনের ঝড়বৃষ্টিতে ইলিশা লঞ্চঘাটের ৩টিসহ মোট ৫টি পন্টুন বিধ্বস্ত হয়েছে। নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিধ্বস্ত ঘাটগুলো পরিদর্শন করে দ্রুত সব ঘাট চলাচলের উপযোগী করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকসহ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিটিসির কর্মকর্তারা।
নৌপরিবহন উপদেষ্টা শনিবার দুপুরে ঢাকা থেকে কার্নিভ্যাল ক্রুজে করে ভোলায় আসেন।
উল্লেখ্য, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত ফেরিসহ ভোলার সকল রুটের নৌযান চলাচল বন্ধ ছিল। শুক্রবার বিকাল থেকে সকল রুটের নৌযান চলাচল স্বাভাবিক হয়।









