ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্জনের জন্য প্রচারণা চালাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ। এতদিন এ বিষয়ে তারা অনলাইনে সরব থাকলেও এবার মাঠে নেমে লিফলেট বিতরণ করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বরগুনা পৌর শহরের উল্লেখযোগ্য স্থান নাথ পট্টি লেক পাড়ের শেখ রাসেল স্কয়ারের সামনেসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ ও বাজার এলাকায় এসব লিফলেট ছড়িয়ে দেওয়া হয়।
ছবিতে দেখা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলার সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় ও দেয়ালে সাঁটানো অবস্থায় লিফলেটগুলো দেখতে পান। লিফলেটে আসন্ন নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়। লিফলেটে লেখা রয়েছে, প্রতারণা, প্রহসন, ফাঁকি ও ফাঁদের ভোট বয়কট করুন।
বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম বলেন, বিষয়টি আমরা জানি না তবে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা, কী উদ্দেশে এসব লিফলেট বিতরণ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।









