শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতিতে মেট্রোপলিটন এলাকার স্কুলগুলোকে অনলাইন-অফলাইন সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছি। রাস্তায় ট্রাফিক কমিয়ে রেশনিং পদ্ধতিতে তেল দিতে পারলে ফুয়েল সেভ হবে। এ কারণে মেট্রোপলিটন সিটিতে যেখানে ট্রাফিক সিস্টেম হাই, সেখানে স্কুলগুলোকে এই সিস্টেমে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি আমাদের অবশ্যই ডিজিটাল এডুকেশনে যেতে হবে।’
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বরিশাল নগরীর সার্কিট হাউজে সরকারি বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশে ৪৫ দিনের ফুয়েল (জ্বালানি) রিজার্ভ রয়েছে। আরও ৪৫ দিনের ফুয়েল রিজার্ভের জন্য চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে ফুয়েল দাম বাড়াতে চাচ্ছে না সরকার।’
এরপর শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ডের বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের সহযোগিতা করার আহ্বান জানান শিক্ষকদের। আগামীতে সুন্দর পরিবেশে যাতে পরীক্ষা হয় সেদিকে নজর রাখারও পরামর্শ দেন তিনি।
শিক্ষকদের অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট নিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষকরা অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট ২০২২ সাল থেকে পাচ্ছেন না। শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। এই বিশাল অঙ্কের টাকা আসতে সামনের বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঠামোগত যে পরিবর্তন করা দরকার ইতিমধ্যে তা করা হয়েছে। বিএনপি সরকারের সময়ে শিক্ষকদের জন্য উৎসব ভাতার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিগত ১৭ বছরে এক টাকাও আর বাড়েনি।’
তিনি বলেন, ‘বিএনপি সরকার এনটিআরসি গঠন করেছিল। কিন্তু বিগত সরকার এটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করায় তা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে প্রধানশিক্ষক নিয়োগ ও শিক্ষক বদলি সব এনটিআরসির মাধ্যমে নিয়ে আসা হয়েছে।’









