ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের পঞ্চগ্রাম আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিনকে ওই স্কুলের সহকারি শিক্ষক মনিরুল ইসলাম লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে চারদিন ধরে ক্লাস বর্জন আসছে শিক্ষার্থীরা।
সরেজমিন ওই স্কুলে গিয়ে জানা যায়, সহকারি শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগের তদন্ত হচ্ছে। সেই তদন্ত প্রতিবেদন তার পক্ষে দেওয়ার জন্য তিনি তদন্ত কমিটিসহ প্রধান শিক্ষককে চাপ দিয়ে আসছিলেন। এ ঘটনার জের ধরে তিনি গত ১১ এপ্রিল সকালে প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন হাওলাদারকে অশ্লীল ভাষায় গালাগালসহ লাঞ্ছিত করে স্কুল থেকে বের দেন। পরে এই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। শিক্ষার্থী ও অভিভাবকরা এই ঘটনার বিচার দাবি করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়তে পারেন: পদ্মা সেতুর ৩৩ শতাংশ কাজ শেষ হয়েছে: সেতুমন্ত্রী
এছাড়াও ১২ এপ্রিল রাতে মনিরুল ইসলাম একই বাসায় থাকা প্রধান শিক্ষকের শ্যালকের স্ত্রী তানিয়াকে শারীরিক নির্যাতন করেন বলে রাজাপুর থানায় ১৫ এপ্রিল রাতে মামলা হয়েছে। মামলায় মনিরুল ইসলামসহ ৩ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন হাওলাদার জানান, ঘটনার পর বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউএনও ও সভাপতিসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
অভিযুক্ত সহকারি শিক্ষক মনিরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুল নির্বাচনের ভোটার তালিকা নিয়ে সকালে প্রধান শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ১১ এপ্রিল বিকেলে প্রধান শিক্ষকের শ্যালক আমাকে মারধর করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারহানা ইয়াসমিন লিজা জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
/জেবি/







