বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।
আটককৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। রবিবার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয় জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।