ফেনী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা চালিয়ে সভাপতি রফিকুল ইসলামসহ চার সাংবাদিককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ফেনীর সাংবাদিকরা। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সোমবার সকাল ১১টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এনটিভি প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, সাধারণ সম্পাদক শুকদেবনাথ তপন, বাংলাদেশ সংবাদ সংস্থার আবুল কাশেম চৌধূরী, ফেনী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি হাবিবুর রহমান খান, যমুনা টিভির যতন মজুমদার, চ্যানেল টুয়েন্টিফোর ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, চ্যানেল নাইনের জহিরুল হক মিলন, বৈশাখী টিভির রাজন দেবনাথ।
সাপ্তাহিক নির্ভীক সম্পাদক ও এশিয়া টিভির জেলা প্রতিনিধি জাফর সেলিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উদয় সম্পাদক এমএ সাঈদ খান, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, মসিমেলা সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, ফেনী প্রেসক্লাব প্রচার সম্পাদক জাবেদ হোসেন মামুন, আজকের সময় সম্পাদক শরিফ ভুইয়া, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিদ্দিক আল মামুন।
আরও পড়তে পারেন: ইবিতে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা
হামলার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশ একটি মিথ্যা মামলা নিয়েছে। মুন্নাসহ জড়িতদের গ্রেফতার না করায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মামলার সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেন সাংবাদিকরা।
প্রতিবাদ সভায় বক্তরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মুন্না জমির ও বুলবুলকে গ্রেফতার করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
/জেবি/এমএনএইচ/








