ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ও অস্ত্র মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম রনির জামিন না মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা অস্ত্র মামলায় তার জামিন না মঞ্জুর করেন।
এর আগে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে তার দুই বছরের দণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করায় একইদিন তার জামিন মঞ্জুর করে আদালত। তবে অস্ত্র মামলায় জামিন না হওয়ায় তার মুক্তি এখনই হচ্ছে না।
গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইউপি নির্বাচনে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে ভোটের সিলসহ রনিকে আটকের করা হয়। পর তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়।
রনিকে আটকের সময় তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি পাওয়ার কথা জানিয়ে পুলিশ অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা করেছিল।
রনির আইনজীবী, আওয়ামী লীগ নেতা ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলে আদালত তাকে জামিন দিয়েছে।তবে অস্ত্র আইনে হওয়া মামলায় জামিন না পাওয়ায় রনি এখনই মুক্তি পাচ্ছেন না।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ইউপি ভোটে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনর রশিদ ছাত্রলীগ নেতা রনিকে দুই বছরের কারাদণ্ড দেন।
হাটহাজারি থানা পুলিশ তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা করেছেন।
আরও পড়ুন: প্রত্যাশা পূরণে ব্যর্থ কুমিল্লার নজরুল ইন্সটিটিউট
/এনএস/টিএন/








