ভুল চিকিৎসার অভিযোগে এক বিচারকের স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রামে দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম হারুনুর রশিদ এ পরোয়ানা জারি করেন।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- বেসরকারি পেসেন্ট কেয়ার হাসপাতালের সার্জন ডা. কাজল রেখা রানী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. দেবাশীষ তালুকদার এবং পেসেন্ট কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার।
জানা গেছে, নোয়াখালীর সহকারী জেলা জজ মোরশেদুল আলমের স্ত্রী সায়মা শিকদার (২২) প্রসব বেদনা নিয়ে গত ২ জুন রাতে বেসরকারি পেসেন্ট কেয়ার হাসপাতালে ভর্তি হন। রাত ২টায় অস্ত্রোপচারে সায়মার একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু রাতে সায়মার জ্ঞান ফেরেনি জানিয়ে তাকে অপারেশন থিয়েটায়ের মধ্যেই রাখেন চিকিৎসকেরা। পরে সকাল ৭টার দিকে সায়মা শিকদারকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত বলে জানান চিকিৎসকরা।
এ ঘটনায় সায়মার মা নারগিস আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। অস্ত্রোপচারকারী কাজল রেখার সঙ্গে সায়মাকে অ্যানেসথেশিয়া দেওয়া ডা. দেবাশীষকেও আসামি করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে ভারতীয় বনরক্ষী ও দস্যুদের ‘লুটপাট’, অপহরণ
/এমও/ টিএন/আপ-এআর/







