কক্সবাজার শহরের হলিমোড়ে হোটেল সিলভার সাইনের সুইমিং পুল থেকে সাগর (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
নিহত সাগর ঝাউতলা গাড়ির মাঠের ১নং গলির বাসিন্দা ও কক্সবাজার কেজি স্কুলের প্রহরী বেদার আলমের ছেলে। সে ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হোটেলটি ঘেরাও করে।
স্ক্রাব শ্রমিকলীগের সভাপতি ঝাউতলার বাসিন্দা ওমর ফারুক মিন্টু জানান, নিহত কিশোর সাগরকে সিলভার সাইনের সুইমিং পুলে ভাসছে এমন খবর পেয়ে কেজি স্কুলের অধ্যক্ষ রমজান আলীসহ লোকজন দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের দাবি, হোটেলের কেউ সাগরকে পরিকল্পিতভাবে হত্যা করে সুইমিং পুলে ফেলে দিয়েছে।
কিন্তু হোটেল কর্তৃপক্ষ বলছে, সকালের দিকে সাগর একা একা গোসল করতে নামে। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে।
আরও পড়ুন:
তনুর বাবাকে গাড়িচাপায় হত্যার চেষ্টা!
/বিটি/







