চট্টগ্রামে চার মানবপাচারকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরীর শাহ আমানত বিমানবন্দরে এ আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী হাকিম তাহমিলুর রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুলনার আশফাকুর রহমান (২৫), মাদারীপুরের মনির ফরাজি (৩৫), টাঙ্গাইলের হারুন শিকদার (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল হালিম (৪১)।
আশফাকুর রহমানকে এক বছর, মনির ফরাজিকে ছয় মাস, হারুন শিকদার ও আব্দুল হালিমকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেকের এক লাখ টাকা করে অর্থদণ্ড নির্ধারণ করে দিয়েছেন আদালত।
নির্বাহী হাকিম তাহমিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, পাচারকারীরা ঢাকা থেকে দুই ভাইকে তুরস্কে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নিয়ে আসে।
তিনি জানান, ওই দুই ভাইয়ের নাম যথাক্রমে নুরুজ্জামান ও মুরাদ হোসেইন। বিমানবন্দরে দায়িত্বপালনরত এক আনসার সদস্য মানবপাচারকারীদের সঙ্গে ওই দুই ভাইকে ১০০০ মার্কিন ডলার নিয়ে তর্কে লিপ্ত হতে দেখে ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টি আকর্ষণ করলে মূল বিষয়টি বেরিয়ে আসে।
/এইচকে/আপ-এআর/
আরও পড়ুন: লাউয়াছড়া উদ্যানে দুর্ঘটনা এড়াতে ২৫ হাজার গাছ কাটার চিঠি!








