চট্টগ্রাম নগরীর কাস্টমস হাউজ এলাকায় বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ৪ বিদেশি নাগরিকসহ ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে কর্ণফুলী ইপিজেডের ‘হংকং ডেনিম প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক বহনকারী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনা ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। মূলত বাসটি বেপরোয়া গতিতে থাকায় লেগুনার সঙ্গে সংঘর্ষের পর পাশে থাকা মাইক্রোবাসকেও ধাক্কা দেয়।
এস আই মহসীন আরও জানান, সংঘর্ষের পর মাইক্রোবাস ও লেগুনাটি রাস্তার দুই পাশে পড়ে যায়। বাসটিও রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন পরিবহনের যাত্রীই আহত হয়েছেন। আহতদের মধ্যে মাইক্রোবাসে থাকা চার বিদেশি নাগরিক ‘গার্মেন্ট বায়ার’। চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় যাচ্ছিলেন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, আহতাবস্থায় ৪ বিদেশিসহ ২৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদেরকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি বিদেশি নাগরিকদের জাতীয়তা নিশ্চিত করতে পারেননি।
/এমও/এএইচ /
আরও পড়ুন: মিলেমিশে বরাদ্দ ‘বাটোয়ারা’, কাজ পেলেন আ.লীগ নেতা ও জনপ্রতিনিধিরা








