বর্তমান সংকট ও দুঃসময়ে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম সড়ক পরিদর্শনকালে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের সামনে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান দুঃসসময় একটি সংকটের সময়। যে সময় সাম্প্রদায়িক উগ্রবাদ, আমাদের অস্তিত্ব, অর্জন, উন্নয়নের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ উগ্রবাদ আমাদের আদর্শ এবং চেতনার হুমকি। এই মুহূর্তে খণ্ড খণ্ড দুর্বল প্রতিবাদ না করে সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা দরকার।’
সেতুমন্ত্রী জানান, পর্যটন এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশে সীমান্তসড়ক নির্মাণ করা হবে। পাঁচ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে রামগড় থেকে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত ৮৩২ কিলোমিটার সীমান্ত নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই এ সড়কের নির্মাণকাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
আরও পড়ুন:
গুলি-চাপাতির সঙ্গে আইইডিও ব্যবহার করে জঙ্গিরা
শোলাকিয়ায় সাঁড়াশি অভিযান, আটক আরও ৪
/বিটি/








