কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদুজ্জামান অমি (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় আবাসিক হোটেল নিসর্গ ও সুইট সাদাফের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুজ্জামান ঢাকার আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠ এলাকার ৭/২ সড়কের আবাসিক ভবন ‘শ্যামল ছায়া’-এর বাসিন্দা সাবেকুজ্জামান এলিনের ছেলে। তিনি ধানমন্ডি এলাকায় অবস্থিত একাডেমিয়া স্কুলে এ-লেভেলের শিক্ষার্থী।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঈদের পরদিন বাবা-মাসহ ওয়াহিদুজ্জামান কক্সবাজার বেড়াতে আসেন। তারা কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল নিসর্গে অবস্থান নেন। রবিবার বিকালে ওয়াহিদুজ্জামানের বাবা সাবেকুজ্জামান তার নিজের গাড়ি চালিয়ে হোটেলের পার্কিং থেকে বের হচ্ছিলেন। এসময় গাড়ি সড়কে বের করতে তাকে সামনে দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন ছেলে ওয়াহিদুজ্জামান।একপর্যায়ে সড়কের পাশে থাকা বৃষ্টিতে ভেজা বিদ্যুতের খুঁটির সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী ভোলাসহ দুইজন রিমান্ডে
/এআর/








