যারা মনে করে পুরোহিত ও সেবায়েত হত্যা করে ভারতের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক নষ্ট করবে তারা বোকার স্বর্গে বাস করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছিল, যারা জ্বালাও-পোড়াও আন্দোলন করে ব্যর্থ হয়েছে, তারাই এখন সরকার হটানোর চক্রান্ত করছে। তদন্তে আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে।
বর্তমানে জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এ ধরনের হামলা প্রতিনিয়তই ঘটছে। শোলাকিয়া ও গুলশানের ঘটনা সুপরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন নয়। বিভিন্ন ঘটনায় আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু ভেঙে পড়িনি।
পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিলন মজুমদারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, বসুরহাট পৌরসভার মেয়র আবুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেনসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতারা।
আরও পড়ুন: ‘সরকারি খুতবা’ প্রত্যাখ্যান, আন্দোলনের হুমকি হেফাজতের নারায়ণগঞ্জ শাখার
/এমও/








