নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ (২৬)। এ সংঘর্ষে সোহেল (১৮) ও আলো (২৬) নামে আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার বিকাল তিনটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ পূর্ব হাজিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ আলো একই গ্রামে নুর ইসলামের ছেলে এবং সোহেল পৌর হাজিপুর গ্রামের ৪নং ওয়ার্ড়ের আবু তাহেরের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ববিরোধের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকালে যুবলীগের সম্রাট ও সুমন গ্রুপের মধ্যে রহিম উদ্দিন হাজি বাড়ির সামনে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষ পাল্টা-পাল্টি গুলি ছুঁড়লে সুমন গ্রুপের সদস্য যুবলীগ কর্মী মাসুদ, সোহেল ও আলো গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত গুলিবিদ্ধ সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আলো হাসপাতাল থেকে পালিয়ে অন্যত্র চলে গেছে।
এদিকে জেলা যুবলীগের আহবায়ক মো.তারেক জানান, এরা কেউ যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নয়। সন্ত্রাসীদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জের ধরে যুবলীগের সম্রাট ও সুমন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আরও বিস্তারিত জানা যাবে।
/টিএন/
আরও পড়ুন:








