চট্টগ্রামে নগর গোয়েন্দা পুলিশের অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেন (২১) নামে একজনকে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর কুলগাঁও এলাকার বায়েজিদ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (বন্দর পশ্চিম) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার হওয়া হান্নান দিনাজপুর মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে ঠাকুরগাঁও জেলার সরকারপাড়া এলাকার ইনতাজুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে ১টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন এবং ১১টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত হান্নান আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। ঈদুল ফিতরের পর সংগঠন গোছানোর কাজে সে দিনাজপুর থেকে চট্টগ্রামে এসেছে। হান্নান ওরফে লাদেনের ল্যাপটপে কিছু জিহাদি কাগজপত্র, ফাইল ও ছবি পাওয়া গেছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হান্নানের ভাই ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আবুল হাসানাতকে ১৫ দিন আগে ঠাকুরগাঁও থেকে চাপাতিসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই হান্নানকে গ্রেফতার করা হয়েছে। হান্নানও আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। এ ঘটনায় বায়োজিদ থানায় দায়ের হওয়া একটি মামলায় হান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৬ সদস্যকে গ্রেফতার করেছিলো পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আনসারুল্লাহ বাংলা টিমের চট্টগ্রামের বায়তুল মাল এলাকার সেক্রেটারি ছিলেন।
/এমও/
আপ: এইচকে
আরও পড়ুন: নিরস্ত্র মানুষ হত্যা করে ইসলাম কায়েম করা যায় না: কৃষিমন্ত্রী








