ফেনীর পরশুরামে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার তিন নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন পরশুরাম উপজেলার কাউতলী দিয়ে মুহুরী নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়।
পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। আটকরা হলেন, নাইজেরিয়ান নাগরিক ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে (৪২)।
ওসি আবুল কাশেম চৌধুরী জানান, আটকদের কাছ থেকে তিনটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাও দায়ের করবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে গত ৩ আগস্ট একই উপজেলার বিলোনিয়া সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ওবাউননি আইডু আবুদীনে (২৯) নামে এক নাইজেরিয়ানকে আটক করেছিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: পিরোজপুরে গ্যাসবিষক্রিয়ায় নিহত ২
/এমও/








