বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের শোক সভায় গুলিভর্তি পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৮)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ ওলি বাংলা ট্রিবিউনকে বলেন, অস্ত্রটি লাইসেন্স করা। কিন্তু অস্ত্র নিয়ে তিনি কেন সেখানে গিয়েছেন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
আবুল কালাম আজাদ শহরের মহিলা কলেজ সড়কের বৈশাখী ভিলার মালিক মরহুম খোরশেদ আলম মজুমদারের ছেলে। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ শোক সভার আয়োজন করে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
ওসি জানান, ডিএসবি’র কর্মকর্তারা তল্লাশি চালিয়ে ইংল্যান্ডের তৈরি এনপিবি ৩২ বোরের একটি রিভলবার ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা করা হয়। উদ্ধার হওয়ার পিস্তলের ৬ রাউন্ড গুলি লোড ছিলো।
/এইচকে/








