ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবদীন হত্যার দুই সপ্তাহ কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। এ নিয়ে নিজদলীয় নেতাকর্মী ও পরিবারের স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার অভিযোগ করেন , এজাহার নামীয় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না ।
এদিকে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিদের ধরতে স্থানগুলোতে কয়েকবার অভিযান চালানো হয়েছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্রে জানা যায় , গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ফেনী থেকে বাড়ি যাওয়ার পথে মধুয়াই বড় পোল সংলগ্ন স্থানে দলীয় কোন্দলের জের ধরে আগে থেকে অবস্থান নেওয়া প্রতিপক্ষরা কুপিয়ে ও গুলি করে জয়নাল আবেদীনকে হত্যা করে। এসময় তার দুই হাত ও দুই পায়ে উপুর্যুপুরি কুপিয়ে ও বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা রেখে পালিয়ে যায় । পরে পুলিশ সিএনজিটি উদ্ধার করে।
এ ঘটনায় জয়নালের বাবা হাফেজ আহম্মদ বাদী হয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামাল উদ্দিনকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
/এআর/







