বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঝটিকা মিছিল বের করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীদের। এ সময় পুলিশকে লক্ষ্য করে ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটান নেতাকর্মীরা। পুলিশও ৩২ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে জেলা যুবদলের আহ্বায়কসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সজীবসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শহরের পাওয়ার হাউজ রোডে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, ইলিয়াছ মিয়া, বিল্লাল মোল্লা, জিয়াউল ও ইসমাইল।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বেলা ১১টার দিকে জেলা যুবদলের নেতকর্মীরা বিক্ষোভ মিছিল করার জন্য জরো হয়। পাওয়ার হাউজ রোডে ওই জমায়েতে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পু্লিশ ঘটনাস্থল থেকে জেলা যু্বদলের আহ্বায়ক মো. মনির হোসেনসহ কয়েকজন নেতাকর্মীকে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) মো. নাজমুল আলম পাঁচজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝটিকা মিছিল বের করার সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে পুলিশ পাঁচজনকে আটক করে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বকশি বাজারের অস্থায়ী আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহাম্মেদ জমাদার এ আদেশ দেন।
/এফএস/
আরও পড়ুন-








